শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলায় দুই এপিপির নিয়োগ বাতিল

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলায় কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করা হয়েছে। তারা হলেন- অ্যাডভোকেট মো: মনির হোসেন পাটোয়ারী ও সাইদুল ইসলাম। গতকাল আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা স্মারকের মাধ্যমে তাদের যে নিয়োগ দেয়া হয়েছিল, তা বাতিল করা হলো।

উল্লেখ্য, গত ১৬ জুন কুমিল্লার আদালতে শিবির নেতা জিসানের বিষয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন এপিপি অ্যাডভোকেট মো: মনির হোসেন পাটোয়ারী ও সাইদুল ইসলাম। সে দিন মনির হোসেন পাটোয়ারী বলেছিলেন, প্রশাসন জিসানের সাথে আইনজীবী ও স্বজনদের কথা বলতে দেয়নি।

গতকাল নিয়োগ বাতিলের বিষয়ে তিনি বলেন, আমরা জিসানের মামলায় ওকালতনামা নিইনি, সাংবাদিকরা প্রশ্ন করায় কথা বলেছি। নিয়োগ বাতিলের চিঠিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি। জিসানের মামলার বিষয়ে কথা বলায় এমনটি হতে পারে।

জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু বলেন, আইন মন্ত্রণালয় থেকে আমাকে এ আদেশের কপি পাঠানো হয়েছে। তারা উভয়ে সরকারি আইনজীবী। সরকারি আইনজীবী হয়ে রাষ্ট্রের বিপক্ষে ও আসামির পক্ষে কেউ যেতে পারেন না।