ভয় পেতে নিষেধ করলেন ফিল্ডিং কোচ

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের মাঠে সবশেষ ১৫ টেস্টের ১১টিতে জিতেছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ট্রাভিস হেড তারকা ক্রিকেটারদের নাম শুনে ভয় পেতে মানা করছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক মজুমদার। অস্ট্রেলিয়ায় বেশির ভাগ ক্ষেত্রেই পেস সহায়ক উইকেটে খেলা হয়। আশিক জানালেন, ‘আসলে খেলাটা হলো কোকাবুরা বলে। এখানে নামের কোনো পরিচয় নেই। আর আপনারা দেখবেন আমাদের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ। ভয় না পেলেই হলো।’

নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট এবং এ বছর পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই, টানা চার টেস্টে বাংলাদেশ জিতেছে এই সময়েই। সবগুলো ম্যাচ জিতেছে ঘরের মাঠেই। এবার অস্ট্রেলিয়ার মাঠে দীর্ঘ ২৩ বছর পর টেস্ট খেলছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহীমদের অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা থাকলেও এখানে কোনো টেস্টই খেলেননি তারা। তবু শিষ্যদের নিয়ে আশাবাদী আশিক। ‘আপনারা দেখবেন আমাদের ক্রিকেটাররা অনেক অভিজ্ঞ। অনেক দিন ধরেই টেস্ট খেলছে এবং তারা জানে কাকে কিভাবে কখন মোকাবেলা করতে হয় এবং কিভাবে ক্রিকেটটা খেলতে হয়।’

জুনে জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে বাংলাদেশ। হারারেতে মাত্র আড়াই দিনে শেষ হয়ে যায় এই টেস্ট। ২৫ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে হেরে যাওয়া বাংলাদেশ ক’দিন আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশের কাছেও ধরা খেয়েছে। সবচেয়ে বড় কথা, ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের দুঃখ ভুলে এখন সামনে এগোনো উচিত বলে মনে করেন আশিক। ‘আমি আসলে বলব যে সামনে তাকানোটাই ভালো। পেছনে কী হয়েছে- সেটা অতীত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখা যাক সামনে কী হয়।

দল ভারী করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে আগামীকাল ১৩ আগস্ট শুরু প্রথম টেস্টে ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারকে নিয়েই হবে অস্ট্রেলিয়া একাদশ। উসমান খাজার বিদায়ের পর অসি ব্যাটিং অর্ডারে যে পরিবর্তনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি ইতোমধ্যে নিশ্চিত। ট্রাভিস হেড ওপেনিংয়ে, মিডল অর্ডারে শূন্যস্থান পূরণের জন্য ক্যামেরন গ্রিনই এখন সবচেয়ে এগিয়ে। দীর্ঘ বিরতির পর নাথান লায়ন ফিরছেন কি না- সেটিই এখন আলোচনার কেন্দ্রে। গত ডিসেম্বরে অ্যাডিলেডে অ্যাশেজ নিশ্চিত করার ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ৩৮ বছর বয়সী এই অফ স্পিনার। এবার হয়তো বাংলাদেশের বিপক্ষেই ফিরতে পারেন। হেডের চোখে লায়নের প্রত্যাবর্তনের সবচেয়ে বড় শক্তি তার মানসিক প্রস্তুতি।