গোবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নির্ধারিত ১৭টি বাসের মধ্যে ছয়টি দীর্ঘ দিন ধরে অচল পড়ে আছে। বছরের পর বছর সংস্কার না করায় বাসগুলো ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ছে। গ্যারেজ ও অর্থসঙ্কটের কারণে মেরামত করতে না পেরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়ে ভাড়ায় চালিত চারটি বিআরটিসি বাস ব্যবহার করছে, যা বাড়াচ্ছে অতিরিক্ত আর্থিক চাপ।
পরিবহন দফতরের তথ্যানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মোট ৩১টি যানবাহনের মধ্যে শিক্ষার্থীদের বাস ১৭টি। এর মধ্যে ১১টি সচল থাকলেও ছয়টি বিকল। এমনকি সচল একটি বাস টায়ারের অভাবে অচল রয়েছে। পরিবহন প্রশাসক হাসেম রেজা জানান, মেরামতের জন্য বরাদ্দকৃত অর্থ নিয়মিত সচল বাসগুলোর রক্ষণাবেক্ষণে খরচ হয়ে যায়। তিনি আরো জানান, পরিবহন সঙ্কট মেটাতে জরুরিভিত্তিতে একটি নতুন অ্যাম্বুলেন্স, ড্রাইভার ও শেড প্রয়োজন। শিক্ষার্থীরা দ্রুত এসব বাস সচল করার কার্যকর দাবি জানান তারা।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: সোহেল হাসান দায়িত্ব পাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের বড় রকমের অর্থসঙ্কট রয়েছে, তাই নতুন বাস কেনা সম্ভব নয়। তবে কয়েক বছরের অচল বাসগুলো অল্প খরচে মেরামত করে পুনরায় সচল করার চেষ্টা চলছে। কিছুটা সময় লাগলেও খুব দ্রুতই পরিবহন সমস্যার যৌক্তিক সমাধান করা হবে।



