কাজলের কারণেই রোমান্টিক হিরো হয়েছি, বন্ড নই : শাহরুখ

Printed Edition
কাজলের কারণেই রোমান্টিক হিরো হয়েছি, বন্ড নই : শাহরুখ
কাজলের কারণেই রোমান্টিক হিরো হয়েছি, বন্ড নই : শাহরুখ

বিনোদন প্রতিবেদক

তিন দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দায় দর্শকদের প্রেম শিখিয়েছেন শাহরুখ খান। ‘রোমান্টিক হিরো’ হিসেবে বিশ্বজুড়ে তুমুল খ্যাতি থাকলেও ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মাধ্যমে সেই খোলস ভেঙে অ্যাকশন হিরো হিসেবে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। ভক্তদের মনে এখন প্রশ্ন- তবে কি ভবিষ্যতে হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে তাকে?

সম্প্রতি লন্ডনে এক আলোচনা সভায় অভিনেত্রী কাজলের সাথে উপস্থিত ছিলেন কিং খান। সেখানে তাকে প্রশ্ন করা হয়, পরপর কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয়ের পর তিনি কি নিজেকে জেমস বন্ড হিসেবে দেখছেন?

জবাবে বলিউড বাদশা স্বভাবসুলভ রসিকতায় বলেন, ‘না, আমার উচ্চারণ বন্ডের মতো নয়। আর ওর পছন্দের পানীয় শেকেন মার্টিনিও আমার পছন্দ নয়।’

নিজের ক্যারিয়ারের রোমান্টিক ইমেজের পেছনে কাজলের অবদানের কথা উল্লেখ করে শাহরুখ আরো বলেন, ‘সত্যি বলতে, আমি বরাবরই লড়াই বা অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম আমার জীবনে কাজল রয়েছে। বিপরীতে কাজল থাকলে তো আর লড়াই করা যায় না, তাই প্রেমের ছবিই বেশি করা হয়েছে।’

শাহরুখের এই মন্তব্যে পাশে বসা কাজল অন্য নায়িকাদের কথা মনে করিয়ে দিলে শাহরুখ বিনয়ের সাথে স্বীকার করেন, ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ছবিগুলো তারা এক সাথেই করেছেন এবং সেই জনপ্রিয়তা তারা অস্বীকার করতে পারেন না।

বর্তমানে অ্যাকশন ঘরানায় কাজ করা উপভোগ করছেন জানিয়ে কিং খান বলেন, ‘বরাবরই অ্যাকশন করতে চেয়েছি, এখন তা করছি এবং ভালোও লাগছে। তবে জেমস বন্ড হওয়ার ব্যাপারে কিছু জানি না, যদিও শন কনারিকে (সাবেক বন্ড অভিনেতা) আমি ভীষণ পছন্দ করি।’