ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকার ধামরাইয়ে চার শ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাজারো ভক্তের উপস্থিতিতে পৌরসভার সদর এলাকায় এ রথযাত্রা অনুষ্ঠিত হয়।
যশোমাধব দেবের মন্দির ও রথ উৎসব কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।
প্রধান অতিথির বক্তব্যে বিজন কান্তি সরকার বলেন, ‘আপনারা বিএনপিকে জয়লাভ করিয়েছেন, এখন বিএনপির দেয়ার পালা। বিএনপি আপনাদের নিরাপত্তা, অধিকার ও বিচার দেবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক।
বিকেল সাড়ে ৬টার দিকে ভক্তদের অংশগ্রহণে উল্টো রথ টানা শুরু হয়। এ উপলক্ষে পৌরসভার সদর এলাকায় ২০ দিনব্যাপী মেলা বসেছে। মেলায় নাগরদোলা, সার্কাস, কুটিরশিল্প, কাঁসা-পিতল ও মৃৎশিল্পের সামগ্রীসহ বিভিন্ন পণ্যের দোকান রয়েছে।



