বাকৃবি ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয় সমঝোতা স্মারক সই

Printed Edition
সিএইউর প্রতিনিধিদের স্বাগত জানান বাকৃবি ভিসি  : নয়া দিগন্ত
সিএইউর প্রতিনিধিদের স্বাগত জানান বাকৃবি ভিসি : নয়া দিগন্ত

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা ও গবেষণায় সহযোগিতা আরো জোরদার করতে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিএইউ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওএ) সই হয়েছে। একই সাথে বাংলাদেশে সিএইউ হাব ফর কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

গতকাল দুপুরে বাকৃবি ভিসির কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। পরে কৃষি অনুষদের ডিন কার্যালয়ের তৃতীয় তলায় সিএইউ হাব উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির শিক্ষকরা।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাগ্রিকালচার এবং বাকৃবির কৃষি অনুষদ ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের মধ্যে অ্যাকাডেমিক ও গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হলো। সমঝোতা স্মারক ও সিএইউ হাব প্রতিষ্ঠার স্থানীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল কাদের এবং কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম।

এ ছাড়া চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল অ্যাগ্রিকালচারের অধ্যাপক ড. শিওলি জু ও অধ্যাপক ড. চুয়ানহং ঝাং এবং বাকৃবির অন্যান্য অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।