নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নগর জীবনকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সুনাগরিক হিসেবে এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমিরে জামায়াতের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ঢাকা উপহার দিতে মাসব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে।
গতকাল বুধবার সকালে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন এলাকায় মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ ও বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। মহানগরী আমির নিজ হাতে ঝাড়ু দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের বার্তা নিয়ে আসে। এই মাসেই মানবজাতির মুক্তির সনদ আল-কুরআন নাজিল হয়েছে। রমজান মাসে নগরবাসীর জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যপূর্ণ রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য ইসলামের আদর্শে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ফলাফলে প্রমাণিত হয়েছে যে ঢাকা মহানগরী উত্তর এখন ইসলামী আন্দোলনের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। উত্তরের চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং একটি আসনে শরিক দল এনসিপি জয়লাভ করেছে। ঢাকা-১৮ আসনে জোটের নবীন প্রার্থী এক লাখ ২৬ হাজার ভোট পেয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। আগামী দিনে এ ধারাবাহিকতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


