সোনারগাঁওয়ে মৎস্যসম্পদ রক্ষায় ২৫০ কেজি পোনা অবমুক্ত

Printed Edition

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দেশীয় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে প্রায় ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুর ও মেঘনা নদীতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বদ্ধ জলাশয়, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে এটি আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চবিদ্যালয়, উলুকান্দী মাদরাসা, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও উপজেলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের পুকুরেও পোনা অবমুক্ত করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতি বছর সরকারি উদ্যোগে বিভিন্ন জলাশয় ও নদ-নদীতে পোনা অবমুক্ত করা হয়। এতে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার এবং মা মাছ ও পোনা নিধন বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।