নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে দীর্ঘদিনের সঙ্ঘাত ও সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দেয়া ব্যক্তিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সম্মানিত করায় এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে।
গত বুধবার বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেন। দীর্ঘদিনের বিরোধ ও সঙ্ঘাত ভুলে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রত্যয়ে নেয়া এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল অস্ত্র জমাদানকারীদের প্রতি প্রশাসনের মানবিক আচরণ। শাস্তিমূলক মনোভাবের পরিবর্তে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
সালথা থানার ওসি বাবলুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা ইসলাম বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়। স্বেচ্ছায় অস্ত্র জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের মতে, শুধু আইনি পদক্ষেপ নয়, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক স্বীকৃতির মাধ্যমেও অপরাধপ্রবণতা কমানো সম্ভব। অস্ত্র জমাদানের এ উদ্যোগ ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।



