নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। খবর পেয়ে প্রশাসন গাছগুলো জব্দ করেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া গ্রামের বাসিন্দা সাইফ উদ্দিন মোল্লা গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিন ধরে প্রায় ১৬ শতক সরকারি জমিতে থাকা মেহগনি গাছ কেটে বিক্রির চেষ্টা করেন। গাছগুলোর আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা বলে দাবি স্থানীয়দের।
দিঘলিয়া গ্রামের কয়েকজন বাসিন্দার অভিযোগ, প্রশাসন গাছ জব্দ করার আগেই কিছু গাছ সরিয়ে ফেলা হয়। এ ছাড়া জব্দকৃত গাছের মধ্য থেকেও পরে কয়েকটি সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্ত সাইফ উদ্দিন সরকারি চাকরিজীবী এবং তার স্ত্রীও বিচার বিভাগীয় একটি পদে কর্মরত। ফলে সরকারি সম্পদ রক্ষার দায়িত্বে থাকা পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) এইচ তাসফিকুর রহমান বলেন, সরকারি জায়গা থেকে গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়। গাছগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



