‘র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচিতে নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের সদিচ্ছার অভাবে হাদি হত্যার বিচার হয়নি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই ঐক্যের অন্যতম নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন, এক সপ্তাহ ধরে ইনকিলাব মঞ্চ সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সরকার দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছে। তিনি বলেন, ‘লোক দেখানো জানাজা ছাড়া সরকার আর কিছুই করেনি।’

গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে আয়োজিত ‘বাংলাদেশ র‌্যালি ফর বাংলাদেশ’ কর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শান্তিপূর্ণভাবে দোয়ারত অবস্থায় থাকা আন্দোলনকারীদের ওপর জলকামান ব্যবহার ও বুট দিয়ে বুকের ওপর লাথি মারা হয়েছে। এ ঘটনায় জাবের, জুমা ও রনিসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এ সময় তিনি সরকার ও প্রশাসনের প্রতি ধিক্কার জানান।

নিরাপত্তা ঝুঁকি ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, পরিকল্পিতভাবে আন্দোলনকারীদের ‘কিলিং জোনে’ ঠেলে দেয়া হচ্ছে, যার দায় সরকারকেই নিতে হবে। তার অভিযোগ, সরকারের একটি অংশ নির্বাচন বানচালের উদ্দেশ্যে এসব তৎপরতা চালাচ্ছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন। তিনি আরো বলেন, হাদি হত্যার বিচার না হওয়ার পেছনে গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতাও থাকতে পারে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার তারেক রহমানকে ভয় পাচ্ছে বলেই দিশেহারা হয়ে পড়েছে। এক দিকে হামলা, অন্য দিকে পাল্টা হামলা, এই দ্বিচারিতার মধ্যেই সরকার চলছে বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে ভয় না পেয়ে দৃঢ় অবস্থান নেয়ার আহ্বান জানান।

নির্বাচন কমিশন ও ছাত্রদল প্রসঙ্গেও অভিযোগ তুলে তিনি বলেন, ছাত্রদলকে ব্যবহার করে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি করে নির্বাচনের নামে ‘সিলেকশন’-এর চেষ্টা চলছে। এ সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন এনসিপির এই নেতা।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দীন খান বলেন, দেশে আর কোনো মোড়লিপনা চলবে না এবং যারা অরাজনৈতিক ক্ষেত্রেও প্রভাব বিস্তার করছে, তাদেরও প্রতিরোধ করতে হবে।

বাংলাদেশ লেবার পার্টির নেতা মোস্তাফিজুর রহমান ইরান বলেন, মাত্র চার দিন পর নির্বাচন হলেও পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, আরেকটি ফ্যাসিবাদ কায়েমের উদ্দেশ্যে এ প্রক্রিয়া চালানো হচ্ছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।