লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি উপজেলা লংগদুর গাঁথাছড়া বায়তুশ শরফ এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি কাঠের আসবাবপত্র (ফার্নিচার) তৈরির কারখানা, কাঁচামালের গোডাউন এবং দু’টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক দুই কোটি ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
গতকাল সোমবার ভোররাতের দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যবসায়ী আলাল মিয়ার মালিকানাধীন ফার্নিচার কারখানা থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে শুকনা কাঠ, বার্নিশের ক্যামিক্যাল এবং তৈরি আসবাবপত্র থাকায় আগুন পার্শ্ববর্তী আরো দু’টি কারখানা ও সাথে থাকা দু’টি বসতবাড়িতে তীব্র বেগে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং নিকটের সেনাক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।



