গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ পণ্যের মধ্যে রয়েছে চার কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, সাত কেজি ৯৩০ গ্রাম রৌপ্য, ১৩ হাজারের বেশি শাড়ি, প্রায় ৯ হাজার তৈরী পোশাক, সাড়ে তিন লাখের বেশি প্রসাধনসামগ্রী, প্রায় পৌনে ৯ লাখ পিস আতশবাজি, সোয়া দুই লাখ কেজি কয়লা এবং বিভিন্ন যানবাহন, মোবাইল ফোন ও চিকিৎসা সরঞ্জাম।
এ ছাড়া অভিযানে ৯টি দেশী-বিদেশী পিস্তল, একটি রাইফেল, পাঁচটি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদসহ মোট সাতটি অস্ত্র উদ্ধার করা হয়। মাদক পাচার রোধেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাহিনীটি। জব্দ মাদকের মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজারের বেশি ইয়াবা, দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৭১ গ্রাম হেরোইন, সাড়ে ছয় হাজারের বেশি বিদেশী মদের বোতল, ১৮০৬ কেজি গাঁজা এবং প্রায় আড়াই লাখ নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন। এ ছাড়া সোয়া লাখ প্যাকেট বিড়ি-সিগারেটও জব্দ করা হয়।
চোরাচালান, মাদক পাচার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে গত মাসে ১৯১ জন চোরাচালানিকে আটক করে বিজিবি। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ৩১ জন বাংলাদেশী, তিনজন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিজ্ঞপ্তি।



