ছুটি-এনওসি ছাড়াই শিক্ষিকার বারবার ভারত সফর

Printed Edition

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা

যশোরের বাঘারপাড়ার বরভাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরতিবালা বিশ্বাসের বিরুদ্ধে ছুটি, অনাপত্তি সনদ (এনওসি) ও কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বারবার ভারতে যাওয়ার অভিযোগ উঠেছে। সর্বশেষ গত ২৮ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত ২০ দিন তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিদ্যালয়ের একটি সূত্র জানায়, দীর্ঘ অনুপস্থিতি নিয়ে শিক্ষকদের মধ্যে আলোচনা শুরু হলেও প্রধান শিক্ষক সাইদুর রহমান তার পক্ষ নেন। পরে অনুপস্থিত ২০ দিনের হাজিরা খাতায় স্বাক্ষর করিয়ে নেয়া হয় বলেও অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে কোনো অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রধান শিক্ষক।

নিয়ম অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও অনাপত্তি সনদ প্রয়োজন। বিদেশে অবস্থানের জন্য বহিঃবাংলাদেশ ছুটিও মঞ্জুর করতে হয়। কিন্তু আরতিবালা বিশ্বাস এসব প্রক্রিয়া অনুসরণ করেননি বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও বিষয়টি জানতেন না বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্তও তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতেন না। তার স্বামী নিখিল কুমার আঢ্য জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। রাজনৈতিক প্রভাবের কারণে ওই দম্পতি নানা অনিয়মে জড়িত ছিলেন- এমন অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরতিবালা বিশ্বাস বলেন, ‘প্রধান শিক্ষক সব জানেন। তিনি আমাকে ছুটি দিয়েছেন।’ তবে অনুপস্থিতির দিনগুলোতে হাজিরা খাতায় স্বাক্ষরের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করেননি।

প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘আরতিবালা দুই দিনের নৈমিত্তিক ছুটি নিয়েছিলেন। পরীক্ষার সময় তিনি আসেননি। পরে অন্য শিক্ষকদের সাথে কথা বলে হাজিরা খাতায় মেকআপ দেয়া হয়েছে।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, ‘বিষয়টি আমি জানি না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’