গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের কাপলার ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রেলওয়ে ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১২টা ১২ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী শহীদনগর এলাকায় পৌঁছালে হঠাৎ ইঞ্জিনের কাপলার ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়।
মশাখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ময়মনসিংহ থেকে একটি রিলিফ ইঞ্জিন আনার কাজ চলছে। সেটি পৌঁছানোর পর ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্রেনটি আটকে পড়ায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।



