ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অর্থ প্রদান কার্যক্রম শুরু

Printed Edition

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ইএফটি পদ্ধতির মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর এবং কল্যাণ সুবিধার বকেয়া অর্থ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওছার হোসেন, জেলা পরিষদ প্রশাসক মো: শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম বায়েজিদ ইবনে আকবর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: আবু সাঈদ।

সরকারের এ উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের ৭০,১১৯টি এবং কল্যাণ ট্রাস্টের ৫৩,২০১টি আবেদনের বিপরীতে সর্বমোট ২,০৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রযুক্তির সাহায্যে এনআইডি যাচাই করে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, ফলে মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কোনো সুযোগ থাকবে না। ২০২২ সাল থেকে দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের এ উদ্যোগকে শিক্ষকরা অত্যন্ত স্বস্তিদায়ক বলে অভিহিত করেছেন।