ভোলায় ১৬ লাখ টাকার গাঁজাসহ আটক ২

Printed Edition

ভোলা প্রতিনিধি

ভোলার সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গত রোববার বিকেলে পূর্ব ইলিশার ৬ নম্বর বাঘার হাওলা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গতকাল সোমবার সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার মাইজদী ৬ নম্বর ইউনিয়নের খলিলপুর গ্রামের নুর ইসলাম (২২) ও একই এলাকার রাসেল (২৪)।

কোস্টগার্ড জানায়, গত রোববার বিকেল ৫টার দিকে কোস্টগার্ড বেইস ভোলার একটি দল পূর্ব ইলিশার বাঘার হাওলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে অটোরিকশা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার এবং এতে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। মাদকের বিস্তার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।