হল প্রোভোস্টের সামনে ববি ছাত্রদল সভাপতির নেতৃত্বে শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ

Printed Edition

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে আবাসিক হলে ডেকে নিয়ে হল প্রোভোস্টের সামনেই এক শিক্ষার্থীকে মারধর ও মব সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষাক্ষর্থী বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ছাত্রশিবিরের সাথে এই শিক্ষার্থীর সংশ্লিষ্ট রয়েছে বলে অভিযুক্ত শিক্ষার্থী অভিযোগ করেন।

গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের দ্বিতীয় তলার করিডরে হল প্রভোস্টের সামনেই এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো: ইনামুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। লিখিত অভিযোগে তিনি ববি ছাত্রদল সভাপতি মো: মোশাররফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অংকন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিবসহ ২০-২৫ জনকে অভিযুক্ত করেছেন।

লিখিত অভিযোগে ইনামুল উল্লেখ করেন, গত মঙ্গলবার তার মেসের সদস্যদের মধ্যে একটি সাধারণ মনোমালিন্য হয়, যা পরবর্তীতে সমাধানও হয়ে যায়। কিন্তু এর জের ধরে পরদিন (১৫ জুলাই) বিকেলে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশাররফ হোসেন (ছাত্রদল সভাপতি) তাকে বিজয় চব্বিশ হলে ডেকে নিয়ে অপেক্ষা করতে বলেন। এ সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী সৌরভ ও সাকিবের নেতৃত্বে ২০-২৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। তিনি সিসিটিভি ফুটেজ দেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ দিকে অভিযুক্ত সাকিবের দাবি, মেসের মিটিংয়ে তুচ্ছ ঘটনায় আমি স্ট্রোকের রোগী হওয়া সত্ত্বেও ইনামুল হক আমাকে থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দেন। ইনামুল মেসের বাংলা বিভাগের তথাকথিত শিবিরকর্মীদের নিয়ে আমার ওপর হামলা চালায় এবং আমাকে ও সৌরভকে রাত আড়াইটায় মেসের রুম থেকে বের করে দেয়।