প্রযুক্তি ডেস্ক
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস নিয়ে এসেছে সাইবার প্রতিরক্ষাব্যবস্থা ‘সফোস ফিউশন’। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন ধরনের সাইবার হামলা মোকাবিলা করবে এই ব্যবস্থা, এটি নিরাপত্তা টুলের পাশাপাশি পরিষেবা, তথ্য এবং বিশ্লেষকেরও কাজ করবে।
এআইয়ের যুগে সাইবার সুরক্ষার ধরন পাল্টে গেছে। হ্যাকাররা সুসংগঠিতভাবে প্রতিষ্ঠানে হামলা করছে। আগে যেখানে আক্রমণকারীর ক্ষতি করতে কয়েক দিন সময় লাগত, এখন তা হচ্ছে মাত্র কয়েক ঘণ্টায়। কিন্তু বেশির ভাগ নিরাপত্তা দল এখনো আলাদা, আর বিচ্ছিন্ন টুল ব্যবহার করায় তা দ্রুত কাজ করে না। অন্যদিকে, সফোস ফিউশনে নতুন তথ্য যুক্ত হওয়ার সাথে সাথে পুরো ব্যবস্থাটি আরো ভালোভাবে কাজ করে।
সফোসের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করে তৈরি করা হয়েছে। শেয়ারড কনটেক্সট লেক, যেখানে সব জায়গার নিরাপত্তা সঙ্কেত বা তথ্য এক জায়গায় তাৎক্ষণিকভাবে চলে আসে। সিনক্রোনাইজড সিকিউরিটি, অর্থাৎ কোনো এক জায়গায় বিপদ ধরা পড়লেই সাথে সাথে সব কটি প্রতিরক্ষা বা ডিফেন্স পয়েন্টে একযোগে কাজ করে। এজেন্টিক অটোনমি, যেখানে নিরাপত্তা বিশ্লেষকদের আওতায় এআই নিজেই ব্যবস্থা নেয়। কম্পাউন্ডিং ইন্টেলিজেন্স, যেখানে নতুন হুমকি থেকে শেখা অভিজ্ঞতা আর তথ্য নিরাপত্তাকে আরো শক্তিশালী করে তোলে।
সফোসের প্রধান নির্বাহী কর্মকর্তা জো লেভি বলেন, ‘এআই সাইবার হামলার গতি, পরিসর এবং জটিলতা বাড়িয়ে দিচ্ছে। তাই প্রতিষ্ঠানগুলোর এখন আধুনিক, নিরবচ্ছিন্ন, বুদ্ধিমত্তা ও পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারে এমন সুরক্ষা দরকার।
সফোস ফিউশন এমন একটি প্রতিরক্ষাব্যবস্থা হিসেবে তৈরি, যেখানে মানুষ এবং এআই একসাথে কাজ করে আরও উন্নত সাইবার নিরাপত্তা দিতে পারে।’



