চট্টগ্রাম ব্যুরো
থানা ও সরকারি দফতর থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্যদাতাদের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের তথ্য দিলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং শটগান, পিস্তল ও গ্যাসগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।
গতকাল সোমবার চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মো: মোস্তাফিজুর রহমান। বেলা ১১টায় র্যাব-৭-এর চট্টগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
র্যাব-৭-এর অধিনায়ক বলেন, সরকারি অস্ত্র রাষ্ট্রের সম্পদ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ উপকরণ। এসব অস্ত্র কোনো অপরাধী বা দুষ্কৃতকারীর হাতে গেলে তা জননিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। এ কারণে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
তিনি বলেন, র্যাবের নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে সরকারি হারানো অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেউ এসব অস্ত্রের বিষয়ে সঠিক তথ্য দিলে তার পরিচয় গোপন রাখা হবে এবং নিরাপত্তা নিশ্চিত করে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক পুরস্কার দেয়া হবে।
পুরস্কারের তালিকা অনুযায়ী, রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপারের জন্য দুই লাখ টাকা, শটগান, পিস্তল ও গ্যাসগানের জন্য ৫০ হাজার টাকা করে দেয়া হবে। এ ছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের তথ্যের জন্য এক হাজার ৫০০ টাকা এবং সব ধরনের গোলাবারুদের ক্ষেত্রে প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা পুরস্কার দেয়া হবে।
র্যাব-৭-এর অধিনায়ক বলেন, আশপাশে কোনো অবৈধ বা সরকারি হারানো অস্ত্রের সন্ধান পাওয়া গেলে দ্রুত কাছের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। একটি সঠিক তথ্য বড় ধরনের অপরাধ প্রতিরোধের পাশাপাশি মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ‘কলম ও ক্যামেরার শক্তি অস্ত্রের চেয়েও শক্তিশালী।’ হারানো সরকারি অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।



