স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা : অভিনেতা আলভীর জামিন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

স্ত্রী ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার বিষয়ে জারি হওয়া রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। গতকাল জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৩০ জুন রিমান্ড শেষে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৮ জুন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহের আলভী, তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে গত ২১ জুন মামলার তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা, আর ২৪ জুন শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।