মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দু’পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন-ব্যবস্থার সার্বিক পরিস্থিতি গতকাল শুক্রবার সরেজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান। জুমার নামাজের পর পরিস্থিতি সরেজমিন পরিদর্শনকালে প্রশাসক সিটি করপোরেশনে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন । এ সময় প্রশাসক নিজে পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেন-ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান। পরে প্রশাসক মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিষ্কারপরিচ্ছন্নতা বিষয়ে সরেজমিন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাঁচাবাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্নতা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক। প্রশাসক জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



