ইয়েনের দরপতন রুখতে জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপ

Printed Edition

আলজাজিরা

জাপানি মুদ্রা ইয়েনের মান গত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যাওয়ায় সঙ্কট কাটাতে যৌথ ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। একই সাথে পরিস্থিতি সামাল দিতে টোকিও যেকোনো কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত বলে ইঙ্গিত দেয়া হয়েছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর জাপানের অর্থ মন্ত্রণালয় থেকে এই যৌথ অভিযানের মূল বিষয়টি প্রকাশ্যে আসে।

এক বিবৃতিতে ট্রাম্প জানান, দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই ওয়াশিংটন ইয়েনকে চাঙ্গা করতে সহায়তার হাত বাড়িয়েছে। জাপানি মুদ্রার মান অস্বাভাবিক কমে যাওয়ায় টোকিওর পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল এবং যুক্তরাষ্ট্র সেই ডাকে সাড়া দিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জানান। এই যৌথ হস্তক্ষেপের খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে ইয়েনের দাম দ্রুত লাফিয়ে বাড়ে, যার ফলে ব্যবসায়ীরা আরো নীতিগত পদক্ষেপের আশঙ্কায় সজাগ অবস্থান নেন।