সোনম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি কেজরিওয়ালের

Printed Edition

এনডিটিভি

ভারতের আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি জানিয়েছেন। দিল্লির যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের সাথে দেখা করতে গিয়ে তিনি এ দাবি জানান। জাতীয় বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে নিট মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের প্রতিবাদে ওয়াংচুক সেখানে অনশন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) হিন্দিতে দেয়া এক পোস্টে কেজরিওয়াল লেখেন, ‘ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে সোনম ওয়াংচুককে দেশের শিক্ষামন্ত্রী করা উচিত।’

অনশনস্থলে গিয়ে কেজরিওয়াল বলেন, প্রতি বছরই বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে দেশের তরুণ-তরুণীরা। তিনি বলেন, ‘সরকারের উচিত শিক্ষার্থী এবং সোনম ওয়াংচুকের কথা শোনা। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা জরুরি।’ কেজরিওয়াল জানান, যন্তর মন্তরে আসার পর তার ২০১১ সালের দুর্নীতিবিরোধী আন্দোলনের কথা মনে পড়ে যায়। সে সময় তিনি সমাজকর্মী আন্না হাজারের সাথে একই স্থানে আন্দোলন করেছিলেন। তিনি বলেন, ‘২০১১ সালের ৪ এপ্রিলের কথা আজ মনে পড়ছে। তিন বছর পর সেই সরকার ক্ষমতা হারিয়েছিল, কারণ তারা মানুষের কথা শোনেনি এবং অহঙ্কার জবাবদিহিতাকে ছাপিয়ে গিয়েছিল।’