স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেয়া হবে : বাণিজ্যমন্ত্রী

Printed Edition
সিলেটে চা শ্রমিকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন খন্দকার আবদুল মুক্তাদির : নয়া দিগন্ত
সিলেটে চা শ্রমিকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন খন্দকার আবদুল মুক্তাদির : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সরকারের অগ্রাধিকারে স্বাস্থ্য খাত শীর্ষে রয়েছে জানিয়ে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেয়া হবে।

গতকাল শুক্রবার সিলেট সদর উপজেলার লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প, পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৫০ শয্যার হাসপাতাল চালুকরণের বিষয়টি অনুমোদিত হয়েছে এবং তা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই চা বাগান এলাকাগুলোতেও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে, যাতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসার জন্য আর শহরে ছুটতে না হয়।

যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং পেট্রোলিয়াম পণ্যের দাম প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বঘোষিত শুল্ক আইন অনুযায়ী ১৫০ দিনের মেয়াদ শেষ হওয়ায় নতুন নামে একই শুল্ক পুনর্বহাল করা হয়েছে। এটি মূলত পুরনো শুল্কেরই একটি ‘রিপ্লেসমেন্ট’ বা প্রতিস্থাপন, নতুন কোনো অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি। ফলে শুল্ক পরিস্থিতিতে বাস্তবে কোনো পরিবর্তন আসছে না। তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা: জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান।

শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান

পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বাণিজ্যমন্ত্রী গতকাল সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বিশেষ অতিথির বক্তব্য দেন।