আলজাজিরা
তেহরানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের শোকাবহের মধ্যেই দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যা করার এক চরম হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেছেন, মূলত তেলআবিবকে ধ্বংস করার নীল নকশায় নেতৃত্ব দেয়ার অপরাধেই খামেনিকে হত্যা করেছে তার দেশ। সেই সাথে তিনি সাফ জানিয়ে দেন, এই নীতিতে উসকানি দেয়া যেকোনো ইরানি নেতাকেই ভবিষ্যতে একই পরিণতি ভোগ করতে হবে।
খামেনির নামাজে জানাজা চলাকালীন এমন বিস্ফোরক মন্তব্য করে কাৎজ আরো বলেন, যেকোনো ধরনের হুমকির মুখে নিজেদের রক্ষা করতে ইসরাইল পুরোপুরি প্রস্তুত। এর আগে খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতাবাকেও ‘হিট লিস্টে’ রাখার কথা জানান এই ইসরাইলি মন্ত্রী, যা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আরো উসকে দিয়েছে। ইসরাইলের এই আগ্রাসী মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে ইরান।



