রাজশাহী ব্যুরো
ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, শিশুদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার এবং এ ক্ষেত্রে পারিবারিক বন্ধনই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। গতকাল শনিবার সকালে রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষা : চ্যালেঞ্জ ও প্রতিকার’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।
রাজশাহীর ঐতিহ্য ও সামাজিক নিরাপত্তার কথা স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, একসময় রাজশাহীর সামাজিক বন্ধন এতই অটুট ছিল যে এটি বিশ্বের অন্যতম সুখী শহর হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি আক্ষেপ করে বলেন, গত ২০ বছরে মাদক ও কিছু অসাধু মানুষের কারণে সেই অবস্থার কিছুটা পরিবর্তন এসেছে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সন্ত্রাসী, মাদক কারবারি এবং নারী ও শিশু নির্যাতনকারী, তারা জাতির শত্রু এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপস করা হবে না। তিনি নিরাপদ রাজশাহী গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. হারুনুর রশিদ।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শারমিন আকতার এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির প্রমুখ।



