দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা কৃষক দলের কৃষক সাধারণ সম্পাদক মজিবর রহমান মুজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত সোমবার কেন্দ্রীয় কৃষক দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক প্রেস বিজ্ঞপ্তিতে, তার সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) কিল-ঘুষি ও থাপ্পড় মারেন অভিযুক্ত মজিবুর রহমান। এরপর পুলিশকে মারধরের অভিযোগে তাকে আটক করে পুলিশ। মুজিবুর রহমানের সাথে থাকা তার আরো দুই সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তাদেরকেও আটকের অভিযান শুরু করেছে।
কোতয়ালী থানার ওসি মোহাম্মদ নূরনবী জানান, এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে ওই দিন রাতেই গ্রেফতার করা হয়েছে।



