মুলাদীতে ধর্ষণ মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

Printed Edition

মুলাদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের মুলাদী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া জাহিদ খলিফা (২০) সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামের সেকেন্দার খলিফার ছেলে এবং হাজি সৈয়দ বদরুল হোসেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। তিনি চলতি বছর এইচএসসি পরীক্ষার্থী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিদ খলিফার বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘ দিন ধরে ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি তরুণী বিয়ের দাবি জানালে অভিযুক্ত তা প্রত্যাখ্যান করেন। পরে ভুক্তভোগী ১৯ জুলাই সকালে মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় জাহিদ খলিফা ও তার বড় ভাই নাঈম খলিফাকে আসামি করা হয়েছে। মুলাদী থানার ওসি খন্দকার সোহেল রানা জানান, অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা দায়েরের পর রোববার (১৯ জুলাই) দুপুরে নাজিরপুর ইউনাইটেড কলেজ এলাকা থেকে প্রধান আসামি জাহিদ খলিফাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, মামলার অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।