রামুতে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণ টাকা ও রিয়াল লুট

Printed Edition

রামু (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের রামুতে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ২টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চাইল্যাতলী এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ১২ জনের সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাসে এসে বাড়ির দরজা-জানালা ভেঙে ঢুকে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে তল্লাশি চালায়। এ সময় বাধা দিতে গেলে কয়েকজনকে মারধর করা হয়। ফরিদুল আলম জানান, ডাকাতরা বাড়ি থেকে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচ লাখ টাকা ও সাত হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা মাইক্রোবাসে করে পালিয়ে যায়।

খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ফরিদুল আলম।