যত্রতত্র মূত্রত্যাগ ঠেকাতে অভিনব পন্থা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

জরিমানা করেও ফল হচ্ছিল না। তাই রাস্তাঘাটে যত্রতত্র মূত্রত্যাগ আটকাতে অভিনব ব্যবস্থা নিলো প্রশাসন। রাস্তার ধারে প্রমাণ মাপের আয়না বসিয়ে খোলা জায়গায় প্রস্রাব বন্ধ করার পদক্ষেপ নিলো ভারতের কর্নাটক রাজ্যের মহীশূর প্রশাসন। আয়নায় প্রতিচ্ছবি দেখে যত্রতত্র প্রস্রাব করা থেকে বিরত থাকবেন নাগরিকেরা। এই মনস্তাত্ত্বিক ভাবনা থেকে গণদেয়াল তৈরির পথে হেঁটেছে সরকার। ফুটপাথের ওপর সারি সারি বসানো স্টিলের আয়না, যাতে রাস্তা নোংরা করতে গেলে সেই ছবি আয়নাতেই প্রতিফলিত হবে। অভিনব এই পরিকল্পনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে, শহরতলির বাসস্ট্যান্ডের কাছে রাস্তার পাশের একটি দেয়ালে বসানো হয়েছে আয়না। জনসমক্ষে প্রস্রাব করার চেষ্টার করলে নিজেদের দেখতে বাধ্য হবেন। এতে লজ্জায় হুঁশ ফিরবে তাদের বলে মনে করছে মহীশূর সিটি করপোরেশন। শুধু জরিমানা, সতর্কীকরণ বোর্ড বা নজরদারির ওপর নির্ভর না করে, প্রশাসনিক কর্মকর্তারা এই আচরণগত কৌশল অবলম্বন করেছেন। আয়না দিয়ে ঢাকা দেয়ালটি যাতে অন্ধকারেও দেখা যায় তার জন্য এলইডি আলোর বন্দোবস্ত করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের মতে, এর উদ্দেশ্য খুবই সহজ। মানুষ যদি অনুভব করে যে তাদের দিকে কেউ নজর রাখছেন, এমনকি তাদের প্রতিবিম্বও, তাহলে তাদের অস্বাস্থ্যকর আচরণে লিপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।

ভিডিওটি ‘দ্যশশাঙ্ক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর বহু মানুষের নজর কেড়েছে এটি। কয়েক লাখ বার দেখা হয়েছে ভিডিওটি। চার হাজার লাইক পড়েছে তাতে। এক এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘যে প্রতিভাবান ব্যক্তির মাথায় এই পরিকল্পনাটি এসেছে, তিনি নোবেল পুরস্কারের পাওয়ার যোগ্য।’