নাটোর প্রতিনিধি
নাটোরে দৈনিক সংগ্রামের সাংবাদিক জোবায়েরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর সদর উপজেলার নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও অভিযোগ সূত্রে জানা যায়, নাটোর-২ সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী ওই কেন্দ্র পরিদর্শনে গেলে তার সাথে থাকা ব্যক্তিদের সাথে যুবদল নেতা হীরার নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা কাটাকাটি হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত দৈনিক সংগ্রামের প্রতিনিধি জোবায়ের ভিডিও ধারণ করতে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী তার ওপর ক্ষিপ্ত হন। অভিযোগ রয়েছে, তারা দায়িত্বে থাকা আনসার সদস্যের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে সাংবাদিক জোবায়েরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার বিষয়ে দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, প্রশাসনের সামনে প্রার্থীকে লাঞ্ছিত করেছে, একজন দায়িত্বশীল সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ। এমনকি হামলার পর অভিযুক্তদের নিরাপদে বেরিয়ে যেতে সহায়তা করা হয়েছে। এ ধরনের প্রশাসন দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানান তিনি। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন।


