চুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

বৈশ্বিক পরিবর্তনের সাথে খাপ-খাওয়াতে না পারলে পিছিয়ে পড়ব : অর্থমন্ত্রী

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সারা বিশ্বে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। এ পরিবর্তনের সাথে খাপ-খাওয়াতে হবে। নয়তো বিশ্ব আমাদের অনেক আগে চলে যাবে, আমরা পেছনে পড়ে থাকব। তিনি বলেন, আমাদের ছেলেমেয়েদের অনেক মেধা আছে। অনেক ভালো গবেষকও আছেন। সরকার গবেষণার ওপর এবার অধিকতর গুরুত্ব দিয়েছে। এখন উদ্ভাবন নিয়ে আমাদের আরো বেশি চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী উদ্ভাবনীমূলক কাজ পছন্দ করেন। আমাদের উদ্ভাবনী শক্তি যাদের আছে, তাদের খুঁজে বের করতে হবে। আমি মনে করি চট্টগ্রাম হবে বাংলাদেশের লজিস্টিক হাব। এখানে চুয়েটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইফটিপি) মালয়েশিয়ার পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।

অনুষ্ঠানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, চুয়েট দেশের একটি উজ্জ্বল প্রদীপ। এই প্রদীপ আলোকিত করতে পারে সারা দেশকে। আমরা যদি এই প্রদীপকে মূল্যয়ান করি, দেখভাল করি তাহলে এই প্রদীপের আলো সবাইকে আলোকিত করবে।

আইআর. ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার বলেন, আমি চুয়েটের অগ্রযাত্রা দেখে আশান্বিত। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সাথে চুয়েটের সমঝোতা স্মারক হতে পারে। আমরা একসাথে শিক্ষা-গবেষণাকে অনেক দূর এগিয়ে নিতে পারি।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়ন করে কমপক্ষে এশিয়া মানে নিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের শিক্ষা-গবেষণা নিশ্চিত করতে চাই।

এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের এমপি সরওয়ার আলমগীর, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু কাউছার, মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন চুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

অনুষ্ঠানের শুরুতে চুয়েটের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন থেকে উপহার হিসেবে প্রাপ্ত ছয়টি বাস উদ্বোধন করা হয়। চুয়েটকে উপহার হিসেবে প্রদত্ত বাসগুলোর চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন। পরে চুয়েটের গোল চত্বরে চট্টগ্রাম ওয়াসার পানি সংযোগ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। এসব অনুষ্ঠানমালার পর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি বের করা হয়।