ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের সমর্থনে বিশাল গণমিছিল

Printed Edition
ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের সমর্থনে বিশাল গণমিছিল
ঢাকা-৬ আসনে ড. আব্দুল মান্নানের সমর্থনে বিশাল গণমিছিল

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৬ আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান বলেন,গত ৪০ দিন ধরে নগর ভবন তালা দিয়ে বন্ধ রাখার যে অপসংস্কৃতি তৈরি করা হয়েছে, ঢাকা-৬ আসনের সচেতন জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তার দাঁতভাঙা জবাব দেবে।

গতকাল সোমবার রাজধানীর ইত্তেফাক মোড় এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক বিশাল গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মান্নান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমালোচনা করে বলেন, যেই সাদেক হোসেন খোকা এক সময় শেখ হাসিনাকে পরাজিত করেছিলেন, আজ তার পুত্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই এলাকার জনগণ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি পছন্দ করে না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মাদক ও সন্ত্রাসমুক্ত এক নতুন ইতিহাস রচনা করবে ঢাকা-৬ এর মানুষ।

‘আর নয় অবহেলা; আধুনিক হবে পুরান ঢাকা’- এই স্লোগানকে সামনে রেখে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে ঢাকা-৬ সংসদীয় এলাকাকে একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তোলা হবে। নাগরিকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে ড. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর ইত্তেফাক মোড় থেকে শুরু হয়ে টিকাটুলি, রাজধানী মার্কেট, দয়াগঞ্জ, ধূপখোলা, সূত্রাপুর বাজার, বাংলাবাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও নবাবপুর রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ হোমিও কলেজের সামনে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

গণমিছিলে ঢাকা মহানগরীর অফিস সেক্রেটারি ও ঢাকা-৬ আসন কমিটির পরিচালক কামরুল আহসান হাসানসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।