বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নবনিযুক্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো: আজিজুল ইসলাম বিএডিসির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কার্যক্রম পরিদর্শন করেছেন। গত ৮ ফেব্রুয়ারি চেয়ারম্যান হিসেবে যোগদানের পর সংস্থাটির সেবামূলক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে তিনি এই পরিদর্শনে বের হন।
গত ২১ ফেব্রুয়ারি চেয়ারম্যান ঢাকার গাবতলীতে বিএডিসির ‘ভ্যাপার হিট ট্রিটমেন্ট’ প্রকল্প এবং নির্মাণাধীন সার গুদামসহ সার লোডিং-আনলোডিং কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সার সংরক্ষণের জন্য নির্মাণাধীন গুদামগুলোর কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে কৃষকের সারের চাহিদা মেটাতে ঘাট থেকে গুদামে সার পরিবহনের কাজটি যথাসময়ে সম্পন্ন করতে হবে।
পরবর্তীতে তিনি ‘বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন’ প্রকল্পের আওতায় মানিকগঞ্জের কৃষ্ণপুরে সৌরশক্তি চালিত লো-লিফট পাম্প এবং জামিত্তা ইউনিয়নে পুনঃখননকৃত চাপরাইল খাল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী সেচসুবিধা সম্প্রসারণে খাল পুনঃখননকার্যক্রম পর্যায়ক্রমে দেশজুড়ে চালানো হবে। তিনি খাল নির্বাচনের ক্ষেত্রে উপকারভোগী কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেন।
এর আগে বিএডিসির কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মো: আজিজুল ইসলাম বলেন, জিডিপিতে কৃষির অবদান প্রায় ১২ শতাংশ। বিএডিসি সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত থেকে বীজ, সার ও সেচসুবিধা দিয়ে যাচ্ছে। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এবং কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কর্মকর্তাদের স্বচ্ছতা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে বিএডিসির সংশ্লিষ্ট সদস্য পরিচালক, প্রকল্প পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


