নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) আরো চার শিশু মারা গেছে। এর মধ্যে এক শিশুর হাম শনাক্ত হয়েছিল, আর বাকি তিনজনের হামের উপসর্গ ছিল। এই চার শিশুর সবাই ঢাকা বিভাগে মারা গেছে।
এ সময়ে সারা দেশে আরো ৯৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর হাম শনাক্ত হয়েছে ৬৪ শিশুর। মোট আক্রান্ত হয়েছে এক হাজার ৩৬ শিশু।
গতকাল স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৬৫৬ শিশু মারা গেল। এর মধ্যে হামের উপসর্গে ৫৬৩ শিশু এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৬ হাজার ৯২৩ শিশুর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৪৬৭ শিশু। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৭ হাজার ৮৭৮ শিশু বাড়ি ফিরেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৩৭ জন।



