দেশজুড়ে একাধিক হত্যা ও রহস্যজনক মৃত্যু

স্ত্রীকে গলা কেটে ও চুরির সন্দেহে তরুণকে হত্যা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

মাদারীপুরে স্ত্রীকে গলা কেটে এবং নেত্রকোনায় চুরির সন্দেহে গণপিটুনিতে এক তরুণ নিহতসহ দেশের কয়েক জেলায় হত্যা ও রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এ ছাড়া আশুলিয়ায় নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ীর লাশ নদী থেকে, রাজবাড়ীতে পোলট্রি খামার থেকে যুবকের লাশ এবং মেহেরপুরের গাংনীতে একটি এতিমখানা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

মাদারীপুর : কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় শনিবার রাতে জোবেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সুলতান সরদারের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, নিঃসন্তান হওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার পরে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নেত্রকোনা : কেন্দুয়া উপজেলার গামরুলি গ্রামে চুরির সন্দেহে ইমন (২৫) নামে এক তরুণকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শনিবার শতাধিক মানুষের উপস্থিতিতে তাকে মারধর করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নিহতের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

ময়মনসিংহ : সদর উপজেলার চর হরিপুর এলাকায় শনিবার রাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে রাজিব ইসলাম (২৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি মো: শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

নড়াইল : লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আলিনুর ফকির (৩০) নামে এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের দাবি, ধার দেয়া ১৮ হাজার টাকা ফেরতের কথা বলে ডেকে নিয়ে রাজিব শেখ ও তার স্বজনরা এ হামলা চালান। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।

আশুলিয়া : ঢাকার আশুলিয়ার বংশী নদী থেকে গতকাল মঈনুল ইসলাম (৫৫) নামে এক ওয়েস্টিজ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পুলিশ জানায়, লাশের সাথে নগদ টাকা, একটি মোবাইল ফোন ও কয়েকটি চাবি পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোলট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, খামারে প্রবেশ করে ফিড চুরির সময় প্রায় ৫০ কেজি ওজনের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মেহেরপুর : মহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদরাসা থেকে হাসাইন আলী (৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: মাহবুর রহমান নাঈম জানান, শরীরে থাকা আলামত দেখে শ্বাসরোধে হত্যার সম্ভাবনা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।