আনন্দবাজার
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার, তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বীরভূমের রামপুরহাটে নিজের বাড়ি লাগোয়া তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সেখানে একটি ‘সুইসাইড নোট’ও উদ্ধার করা হয়েছে, যেখানে রাজনীতিতে আসা নিয়ে আক্ষেপ করেছেন আশিস। পরিবারের সদস্যদের কাউকে ভবিষ্যতে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন। তৃণমূলের প্রবীণ নেতা আশিস ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। তৃণমূল কংগ্রেসের শুরুর দিন থেকে দলের সাথে থাকা এ রাজনীতিক মমতার মন্ত্রিসভাতে একাধিকার ঠাঁই পেয়েছিলেন। একসময় স্কুলশিক্ষামন্ত্রী এবং কৃষিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। এবারো বিধানসভা ভোটে রামপুরহাট কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন। তবে তিনি এবার আর জিততে পারেননি।
দেড় দশকের তৃণমূল কংগ্রেস সরকারকে হটিয়ে গত মে মাসে প্রথমবার সরকার গঠন করে পশ্চিমবঙ্গ বিজেপি। এর মধ্যে তুমুল চাপের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। দলটির নেতাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। তৃণমূলে তৈরি হয়েছে ‘বিদ্রোহী’ গোষ্ঠী। তারা দাবি করেছেন, তারাই আসল তৃণমূল। আর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পরামর্শদাতা হিসাবে থাকার আহ্বান জানাচ্ছেন।
জয়ী বিধায়কদের বেশির ভাগই মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অস্বীকার করে নাম লিখিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে।



