নিজস্ব প্রতিবেদক
দেশে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে তার দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর চাপানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তরের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী শান্তি, সম্প্রীতি ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
গতকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পরে উপস্থিত নেতারা আহত খতিবের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করে।
এরপর সেলিম উদ্দিন মিরপুর-১৩ এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি অবিলম্বে সব গণহত্যার সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।



