নিজস্ব প্রতিবেদক
গ্যাস ও বিদ্যুতের সঙ্কট এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে দেশের সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। দলটি বাজার তদারকি জোরদার, অসাধু মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে দলের আমির আল্লামা আব্দুল কাইয়ূম সোবহানী ও মহাসচিব মাওলানা মূসা বিন ইযহার এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য প্রতিনিয়ত বাড়তে থাকায় সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে। বাজারে কার্যকর তদারকির অভাব, অসাধু সিন্ডিকেট ও অতিমুনাফা লোভী ব্যবসায়ীদের কারণে সাধারণ জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুতের সঙ্কট শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন দাবি করেন দলটির নেতৃদ্বয়।



