প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৌরনদীতে ব্যাপক প্রস্তুতি

Printed Edition

জহুরুল ইসলাম জহির গৌরনদী

আগামীকাল সোমবার বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে গৌরনদীতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর। সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশ দ্বার খ্যাত গৌরনদী উপজেলায় এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইব্রাহীম জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, দলীয়ভাবে তারা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জেনেছেন। সফর সফল করতে নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ ও সফল করতে বরিশাল বিভাগীয় এবং জেলা প্রশাসন, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা সম্পন্ন করেছেন। প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তথ্যমন্ত্রী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাটাজোর ইউনিয়নের নব-খননকৃত সরিকল-বাটাজোর খালের পাশে প্রধানমন্ত্রীর নির্ধারিত বৃক্ষরোপণ কর্মসূচির স্থান, সার্বিক প্রস্তুতি সরেজমিন ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর এই সফর ও বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে স্থানীয় প্রশাসন নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড এবং তদারকি চালিয়ে যাচ্ছেন। বাটাজোরের কর্মসূচি শেষ করে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে ২০০৩ সালে তারেক রহমান গৌরনদী সফর করেছিলেন। সে সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।