গত ১২ ফেব্রুয়ারি সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘নাগরিক কোয়ালিশন’। নির্বাচনের দিন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ফল প্রকাশের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পরাজিত প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।
নাগরিক কোয়ালিশন তাদের বিবৃতিতে উল্লেখ করে যে, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলো দেশী-বিদেশী মহলে প্রশংসিত হয়েছে। তবে ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে শতাধিক সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশি তথ্যানুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৪২টি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় পরাজিত প্রার্থীর সমর্থক জসিম উদ্দীনের ওপর ১৩ ফেব্রুয়ারি হামলা করা হয়, যা পরবর্তীতে তার মৃত্যুতে রূপ নেয়।
সংগঠনটি এই প্রাণহানি ও সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এই সন্ধিক্ষণে এমন বর্বরোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাগরিক কোয়ালিশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার এবং এই সব হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বিবৃতিতে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বিশেষ আবেদন জানিয়ে বলা হয়, তৃণমূল পর্যায়ে দলীয় কর্মীদের নিয়ন্ত্রণ করতে জরুরি ভিত্তিতে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সহিংসতার পুনরাবৃত্তি রোধে দলীয় প্রধানদের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।



