মহাসড়ক ও ফুটপাথ ইজারা বন্ধের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

Printed Edition

গাজীপুর জেলা প্রতিনিধি

অস্থায়ী বাজারের নামে মহাসড়ক ও ফুটপাথ ইজারা বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। জেলার অন্যতম শিল্পাঞ্চল হিসেবে পরিচিত শ্রীপুর উপজেলার ব্যস্ততম মাওনা চৌরাস্তা এলাকায় শ্রীপুর পৌরসভা কর্তৃক ইজারা দেয়া বন্ধের দাবিতে এই মানববন্ধন করে স্থানীয়রা। মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন। তারা মহাসড়ক ও ফুটপাথ দখল করে যানজট সৃষ্টি করে জনভোগান্তির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

গতকাল ১১টায় মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয় স্লোগানে শ্রীপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে তারা এ প্রতিবাদ জানান।

মানববন্ধনে নদী ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান (পরিবেশ বিষয়ক সংগঠন) খোরশেদ আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, দৈনিক আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মণ্ডল, দৈনিক আমার দেশের শ্রীপুর প্রতিনিধি এস এম জহিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঢাকা-ময়মননিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা দুই যুগেরও বেশি সময় ধরে ব্যস্ত এলাকা হিসেবে গড়ে উঠেছে। এ অঞ্চলে অতি দ্রুত সময়ের মধ্যে ছোট-বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় এটি গাজীপুরের মধ্যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি লাভ করেছে। এর পাশাপাশি এখানে বিভিন্ন মার্কেট, বিপণিবিতানসহ বিভিন্ন রকমের দোকানপাট গড়ে উঠায় লোকজনের সমাগম বেড়ে গেছে। তাই মাওনা চৌরাস্তা ও এর আশপাশের সাধারণ মানুষ, শিল্প কারখানার শ্রমিক, ব্যবসায়ী, হকার, ছিন্নমূল মানুষের উপস্থিতি রেড়েছে।

তারা বলেন, মাওনা চৌরাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবীদের কর্মস্থলে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ ছাড়া মাওনা চৌরাস্তা দিয়ে উত্তরাঞ্চলের প্রায় পাঁচটি জেলার লোকজন চলাচল করে। মহাসড়কে বাজার ইজারা দেয়ার কারণে মহাসড়ক দখল করে বাজার বসায় যানজটসহ চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সব বিষয় চিন্তা করে স্থানীয় জনগণ ও নাগরিকদের স্বার্থে আগামীতে মাওনা চৌরাস্তা এলাকায় মহাসড়ক দখলের নামে বাজার ইজারা না দেয়ার আবেদন জানান। সড়কে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা মনিটরিং সঠিকভাবে পর্যবেক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, যানজটমুক্ত চলাচল নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দাবি করেন। সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে দ্রুত এসব সমস্যার সমাধানে পদক্ষেপ না নিলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে ঘোষণা দেন শ্রীপুর উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনের বক্তারা।