বাংলাদেশের স্বাস্থ্য পেশাজীবীদের সক্ষমতা বাড়াতে কুনমিংয়ে প্রশিক্ষণ

Printed Edition

বাসস

স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের ১৭ সদস্যের স্বাস্থ্য পেশাজীবী প্রতিনিধি দল চীনের কুনমিংয়ে বিশেষায়িত ১৪ দিনের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে।

‘৫ম বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড হেলথ প্রফেশনাল এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম’-এর আওতায় গত ৩০ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা চীনের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিক চিকিৎসা পদ্ধতি, হাসপাতাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সেই সাথে তারা কুনমিংয়ের বিভিন্ন খ্যাতনামা হাসপাতাল পরিদর্শন করে সেখানকার আধুনিক স্বাস্থ্যসেবা প্রদান ব্যবস্থা, চিকিৎসা কার্যক্রম, হাসপাতাল প্রশাসন এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিষয়ে সরাসরি অভিজ্ঞতা অর্জন করবেন।

এ ছাড়া বিভিন্ন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে ওষুধ উৎপাদন প্রক্রিয়া এবং ওষুধ শিল্পের ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করবেন।