এনএসআই পুলিশ প্রশাসনের পথিকৃৎ মুসা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

আজ ২১ জুলাই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিষ্ঠাকালীন উপপরিচালক, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত বর্ষীয়ান পুলিশ কর্মকর্তা মুসা মিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী। বাংলাদেশ পুলিশ এবং গোয়েন্দা প্রশাসনের ভিত্তি গঠনে তার অবদান আজও শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী গ্রামে জন্মগ্রহণকারী মুসা মিয়া চৌধুরী পাকিস্তান আমলে পুলিশ বাহিনীতে যোগ দেন। ১৯৬৭ সালে তিনি সিলেটের জেলা দুর্নীতি দমন কর্মকর্তা এবং ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই বছরের ১৪ আগস্ট তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুলিশ পদক ‘প্রেসিডেন্টস পুলিশ মেডেল’ দেয়া হয়।

পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৭০ সালের ১৫ জুন থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডিপার্টমেন্ট অব স্টেটের অধীনে ‘পাবলিক সেফটি অ্যান্ড ইন্টেলিজেন্স’ বিষয়ে জেনারেল কোর্স সম্পন্ন করেন এবং ওয়াশিংটন ডিসি থেকে অফিশিয়াল ডিপ্লোমা সার্টিফিকেট লাভ করেন।

এনএসআই গঠন ও পুলিশ সংস্কারে অবদান

স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর দেশের শীর্ষস্থানীয় দক্ষ পুলিশ কর্মকর্তাদের নিয়ে যখন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) গঠন করা হয়, তখন মুসা মিয়া চৌধুরী প্রতিষ্ঠাকালীন উপপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে এনএসআই বিভাগীয় দফতর প্রতিষ্ঠায় তার অবদান ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।