চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের টাগবোট ‘কাণ্ডারী-০৬’ থেকে পাচারকালে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।
গত রোববার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। কোস্টগার্ড জানায়, কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ‘কাণ্ডারী-০৬’ থেকে ‘ওটি আজু শাহ’ নামের একটি অয়েল ট্যাঙ্কারে চোরাইভাবে তেল পাচার করা হচ্ছিল। ঘটনাস্থল থেকে প্রায় চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল জব্দ করার পাশাপাশি ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।
জব্দকৃত ডিজেল ইতোমধ্যেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।



