সুগার মিলের নামে ঋণ

এস আলম ও ভাই আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ১৪ মামলায় বিচার শুরু

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

এস আলম সুগার মিলের নামে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেয়া ১০ হাজার ৫৩৮ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮৯০ টাকা খেলাপি ঋণের বিপরীতে এন.আই. অ্যাক্টের ১৪টি মামলায় উক্ত প্রতিষ্ঠান এবং সাইফুল আলম মাসুদ ও তার ভাই মো: আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর য্গ্মু দায়রা জজ আদালত ১ম কোর্টের বিচারক শহীদুল্লাহ কায়সার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন। এর মধ্যে ১৪টি মামলার মোট ভ্যালু ৩৯৩ কোটি ২০ লাখ ৭৯ হাজার ২৬১ টাকা বলে আদালত সূত্র জানায়।

সূত্র জানিয়েছে, গত বছরের ২৯ এপ্রিল ও ৩০ এপ্রিল এন.আই. অ্যাক্টের অধীনে উল্লেখিত ১৪টি মামলা রুজু করে ব্যাংক কর্তৃপক্ষ। এ ছাড়া আসামিদের এস আলম সুগারের ঋণের বিপরীতে এন.আই. অ্যাক্টে মোট ৫৮টি মামলা রুজু আছে বলেও সূত্র জানায়। মামলায় প্রতিষ্ঠানটি ১ নং বিবাদি এবং প্রতিষ্ঠানের পরিচালক মো: আব্দুল্লাহ হাসান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ যথাক্রমে ২ ও ৩ নং বিবাদি। এদের দুইজনের বিরুদ্ধেই অর্থঋণ আদালতের পাঁচ মাসের দেওয়ানি আটকাদেশ জারি রয়েছে বলেও সূত্র জানায়।

সূত্রমতে, গতকাল আসামিপক্ষের আইনজীবী সময় প্রার্থনা করলেও আদালত তা নামঞ্জর করে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বাদি ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী এ এম জিয়া হাবীব আহসান।