নিজস্ব প্রতিবেদক
ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনে চাকরি দেয়ার কথা বলে প্রতারণায় নেমেছে একটি চক্র। প্রতিষ্ঠানটির নাম, লোগো, প্যাড, কর্মকর্তাদের নাম-পদবি ও পরিচয় ব্যবহার করে একটি দুষ্টচক্র বিভিন্ন মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, চাকরি দেয়ার প্রলোভন এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থসহায়তা দেয়ার নামে এ প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিষয়টি নজরে আসার পর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ সব ধরনের মানুষকে সতর্ক করেছে ইসলামিক ফাউন্ডেশন।
জানা যায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত কিংবা অন্যান্য নামে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থসহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনের জন্য প্রলুব্ধ করা হচ্ছে।
এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ করে দেশের সাধারণ আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য এবং চাকরিপ্রত্যাশীদের বিভ্রান্ত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা করা হচ্ছে। প্রতারকচক্র অনেক সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর কিংবা প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে নিজেদের পরিচয়কে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থসহায়তার তালিকাও তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি-প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যক্তিগত ব্যাংক হিসাব, বিকাশ, নগদ কিংবা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিকসহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই। এ জন্য ইসলামিক ফাউন্ডেশন এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি, প্রতারণামূলক ও প্রতিষ্ঠানের ভাবমর্যাদা ক্ষুণœ করার অপচেষ্টা হিসেবে বিবেচনা করছে।
নিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান : ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার জন্য অনুরোধ করেছে। কোনো ব্যক্তি ফোন করে, সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে কিংবা মেসেজ পাঠিয়ে চাকরি দেয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তাতে সাড়া না দেয়া এবং চাকরি পাইয়ে দেয়ার নামে কাউকে টাকা না দেয়ার আহ্বান জানিয়েছে।
ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের প্রতি বিশেষ সতর্কতা : দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মসজিদ কমিটির সদস্যদের সতর্ক করে বলছে, কোনো ব্যক্তি যদি ফোন, মেসেজ বা সরাসরি যোগাযোগ করে সরকারি সম্মানী, অনুদান, অর্থসহায়তা, তালিকাভুক্তি কিংবা অন্য কোনো সুবিধা দেয়ার কথা বলে আগাম অর্থ, রেজিস্ট্রেশন ফি বা ব্যক্তিগত আর্থিক লেনদেনের প্রস্তাব দেয়, তাহলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করতে হবে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। বিশেষ করে কোনো অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত অনলাইন গ্রুপে নিজের জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের চওঘ, ঙঞচ, পাসওয়ার্ড কিংবা অন্যান্য গোপনীয় তথ্য প্রদান না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।
ভুয়া বিজ্ঞপ্তি প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা : ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে ইফা। প্রতারণার শিকার ব্যক্তি বা এ ধরনের কোনো বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট তথ্য, স্ক্রিনশট, ফোন নম্বর, লেনদেনের তথ্য ও অন্যান্য প্রমাণ সংরক্ষণ করার জন্য অনুরোধ জানিয়ে সংস্থাটি বলছে, প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন দেশের সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটির সদস্য, চাকরিপ্রার্থী ও সাধারণ জনগণকে অনুরোধ করছে কোনো তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ, অর্থসহায়তা বা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশ্বাস করবেন না এবং কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার আহ্বান জানিয়েছে। প্রয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে। সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে পরিচালিত এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব বলে ইসলামিক ফাউন্ডেশন মনে করে।



