প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার যাচ্ছেন ১৭ জুন

Printed Edition

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১৭ জুন মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ দিন তিনি রাজনগরের টেংরা ইউনিয়ন এবং শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং স্থানীয় সংসদ সদস্য এম নাসের রহমান ও হাজী মুজিবুর রহমান কর্মসূচিস্থল রাজনগর সরকারি কলেজ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেছেন।

জেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন জানান, প্রধানমন্ত্রীর আগমনে সর্বস্তরের মানুষের মধ্যে আশা জেগেছে। মৌলভীবাজারে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা, শমসেরনগর বিমানবন্দর চালু, শ্রীমঙ্গলকে চায়ের রাজধানী ঘোষণা ও পর্যটন শিল্পের উন্নয়নসহ বেশ কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ১৭ জুনের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সমন্বয়, জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে তিনি মৌলভীবাজারবাসীর সহযোগিতা কামনা করেছেন।