শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন : জাতিসঙ্ঘে শামা ওবায়েদ

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বিশ্বব্যাপী মানবিক সঙ্কট গভীরতর হওয়ার প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা এবং শান্তি প্রতিষ্ঠার কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

গতকাল নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে রাখা বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ প্রস্তুতি জোরদার, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় কাজ করে যাচ্ছে।

একই দিন জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিমন্ত্রী শান্তি প্রতিষ্ঠা, সংঘাত প্রতিরোধ এবং সংঘাত-পরবর্তী পুনর্গঠনে নারীদের অপরিহার্য ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি জাতিসঙ্ঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী নারী শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেন এবং শান্তি ও নিরাপত্তা খাতে নারীদের অর্থবহ অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।

বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ ক্রমবর্ধমান মানবিক অর্থায়ন ঘাটতি মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার আহ্বান জানান।